প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, সংবাদমাধ্যম ভিন্নভাবে প্রচার করলেও জঙ্গিবাদ নিয়ে তার এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘খুব বেশি ভিন্নতা’ ছিল না। দেশে জঙ্গি আছে কি না, সেই প্রশ্নে তার ভাষ্য, রেড অ্যালার্ট যেহেতু এখানো আছে, তার অর্থ ‘বুঝে নিতে হবে’।

মঙ্গলবার (৫ মে) সকালে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জঙ্গিবাদ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ্য উপদেষ্টা।

তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে দেশে এক্সট্রিমিজম বা উগ্রবাদের অস্তিত্ব রয়েছে। তিনি হয়তো ‘জঙ্গিবাদ’ শব্দটি ব্যবহার করতে চাননি, কিন্তু মূল বক্তব্যে আমাদের মধ্যে কোনও বড় পার্থক্য নেই। এটিকে জঙ্গিবাদ বলুন বা উগ্রবাদ বলুন, এক ধরনের নিম্নমাত্রার ঝুঁকি বা লো-ইনটেনসিটি থ্রেট যে আছে, সেটি অস্বীকার করার সুযোগ নেই। না হলে সরকার সতর্কতা বা এলার্ট জারি করত না।’’

তিনি বলেন, আওয়ামী লীগের আমলে জঙ্গিবাদের বিষয়টি অনেক ক্ষেত্রে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছিল এবং সেটিকে রাজনৈতিক ন্যারেটিভ তৈরির অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার অন্যদিকে কেউ যদি বলে দেশে একেবারেই কোনও উগ্রবাদ বা চরমপন্থা নেই, সেটিও বাস্তবসম্মত নয়। দুটি অবস্থানই নেতিবাচক।

ডা. জাহেদ বলেন, ‘‘সাম্প্রতিক সময়ে এ নিয়ে অনেক রসিকতা হয়েছে- আমি নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়েও বেশি গোয়েন্দা তথ্য জানি। বিষয়টি দেখে আমার ভালোই লেগেছে।’’

Share.
Leave A Reply

Exit mobile version