এখন থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের বার্ষিক আয়কর রিটার্ন দেওয়ার প্রমাণপত্র (পিএসআর) দেখাতে হবে। রিটার্ন জমার প্রমাণপত্র দেখানো ছাড়া নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না। এবারের প্রস্তাবিত বাজেটে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখানোর বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এত দিন শুধু পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি করপোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হয়। এবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলেও তা লাগবে।
বর্তমান সরকার স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা করছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী এ তথ্য জানান।
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।জমি–ফ্ল্যাট বণ্টন ও মিউটেশনেও রিটার্ন জমার প্রমাণপত্র লাগবে সিটি করপোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রি বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমমোক্তারনামা নিবন্ধন করতে এখন আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র লাগে। এখন থেকে ওই সব এলাকার জমি, ভবন ও ফ্ল্যাট বণ্টন ও মিউটেশনেও তা লাগবে।
অন্যদিকে এখন থেকে শুধু নিবাসী করদাতা কোম্পানির পরিচালক বা স্পনসর শেয়ারহোল্ডার হতে হলে রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে। অনিবাসী পরিচালক ও স্পনসর শেয়ারহোল্ডারদের তা লাগবে না।

