১৬ জুলাইকে কেন্দ্র করে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে বিজিবি।

বুধবার (১৫ জুলাই) সকাল থেকে গোপালগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করেছেন। একই সঙ্গে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, ১৬ জুলাই ও আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েনের জন্য অনুরোধ করে চিঠি দেয়া হয়। সেই চিঠির প্রেক্ষিতেই গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, শুধু ১৬ জুলাই বা ১৫ আগস্ট নয় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিরতি দিয়ে দিয়ে বিজিবি মোতায়ন করা হবে সেটি আইনশৃঙ্খলা ও মনিটরিং কমিটিতেও সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খালাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন নিহত হয়।

প্রশাসন সূত্রে আরও জানা গেছে, মূলত এই দিনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলা ও আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এমন আশঙ্কায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version