গাজীপুর-এর কোনাবাড়ি থানাধীন আমবাগ ঈদগাহ মাঠ এলাকায় একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশন ও সারাবো মডার্ন ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে গুদামে থাকা ঝুট কাপড়, কার্টুনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট একযোগে কাজ করছে এবং আগুন বর্তমানে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে রয়েছে। অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে ।



