বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে পল্লীবিদ্যুৎ এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল।
জানা গেছে, শনিবার সকালে পল্লীবিদ্যুৎ এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ দেননি। বেতন বৃদ্ধির দাবিতে তারা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরে কারখানা ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা সকাল সোয়া ৯টার দিকে মহাসড়কে নেমে অবস্থান নেন।
এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরিস্থিতির কারণে পল্লীবিদ্যুৎ এলাকাসহ আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিকদের অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে শিল্প পুলিশ ও বিজিবি সদস্যরা। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।


