যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় আহত হয়েছেন এবং সম্ভবত তার চেহারাও বিকৃত হয়ে গেছে। তার মতে, সাম্প্রতিক সামরিক অভিযানের ফলে ইরানের নেতৃত্ব অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।

শুক্রবার (১৩ মার্চ) হোয়াইট হাউস-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পিট হেগসেথ সাংবাদিকদের বলেন, ইরানের নেতৃত্বের অবস্থা এখন মোটেও ভালো নয়। তার ভাষায়, তারা দিশেহারা হয়ে ইঁদুরের মতো আত্মগোপন করে আছে।

তিনি আরও বলেন, “আমরা জানি যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আহত হয়েছেন এবং সম্ভবত তার চেহারা বিকৃত হয়ে গেছে।”

এদিকে বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং-এ প্রচারিত মোজতবা খামেনির প্রথম বার্তার সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

তিনি বলেন, “গতকাল তিনি একটি বিবৃতি দিয়েছেন, যা বেশ দুর্বল। সেই বার্তায় কোনো অডিও বা ভিডিও ছিল না। অথচ ইরানের কাছে প্রচুর ক্যামেরা ও ভয়েস রেকর্ডার রয়েছে। তাহলে কেন শুধু একটি লিখিত বিবৃতি দেওয়া হলো?”

হেগসেথ আরও বলেন, “আমি মনে করি এর কারণ আপনারা ভালোভাবেই জানেন। তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন। তিনি নিজে এখন ভীত, আহত এবং পালিয়ে বেড়াচ্ছেন। তার কোনো বৈধতা নেই। ইরানের পরিস্থিতি এখন চরম বিশৃঙ্খল।”

তথ্যসূত্র: সিএনএন

Share.
Leave A Reply

Exit mobile version