প্রায় তিন দশক আগে ‘কুলি’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে দর্শকমনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানি। দীর্ঘ সময় পর আবারও সেই পরিচিত কুলি চরিত্রে পর্দায় ফিরছেন তিনি। তবে এবার কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নয়, একটি ভিন্নধর্মী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা যাবে তাকে।

জানা গেছে, শর্টফিল্মটির নাম ‘ব্ল্যাক’। ইতোমধ্যে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এর শুটিং শুরু হয়েছে। গল্পের বাস্তবতা ও পরিবেশকে জীবন্তভাবে তুলে ধরতেই ব্যস্ত এই বাস টার্মিনালকে শুটিং লোকেশন হিসেবে বেছে নিয়েছেন নির্মাতারা। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মহিন খান এবং চিত্রনাট্য লিখেছেন বাবলু ফকির।

নতুন এই প্রজেক্ট নিয়ে কথা বলতে গিয়ে ওমর সানি বলেন, “ছোট পরিসরের কাজ হলেও এর ব্যাপ্তি অনেক বড়। এখানে আমার চরিত্রটি ক্যামিও হলেও এটি বিশেষ গুরুত্ব বহন করে। আমার অভিনীত সুপারহিট সিনেমা ছিল ‘কুলি’। সেই কুলির চরিত্রকে ঘিরেই এই চলচ্চিত্রের গল্প নির্মাণ করা হয়েছে।”

এদিকে নির্মাতা মহিন খান জানিয়েছেন, ‘ব্ল্যাক’ একটি ব্যতিক্রমধর্মী কাজ, যা নতুন আঙ্গিকে দর্শকদের সামনে তুলে ধরা হবে। চলচ্চিত্রটির মূল বিষয়বস্তু মাদক ব্যবসার ভয়াবহতা এবং সমাজ থেকে মাদক নির্মূলের বার্তা। এতে ওমর সানিকে দেখা যাবে মাদকের বিরুদ্ধে সোচ্চার এক কুলির চরিত্রে।

শুধু ওমর সানিই নন, চলচ্চিত্রটিতে অভিনয় করছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড অভিনেতা সাইফুল ইসলাম। তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শেষ দিকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম Amazon Prime Video-এ মুক্তি পাবে ‘ব্ল্যাক’।

Share.
Leave A Reply

Exit mobile version