কুমিল্লার মুরাদনগরে দুই লাখ টাকাসহ জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে স্থানীয়রা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে বাজারের ব্যাগে থাকা টাকাসহ তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি মাওলানা হাবীবুর রহমান হেলালী। তিনি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, বুধবার দুপুরে ব্যক্তিগত গাড়িতে করে উপজেলার ধামগড় এলাকা থেকে ছালিয়াকান্দি এলাকায় আসেন মাওলানা হাবীবুর রহমান হেলালী। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা গাড়িতে তল্লাশি চালান। এ সময় গাড়ির পেছনে থাকা একটি বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটির ওপর পাতলা কম্বল দিয়ে ঢেকে রাখা এক হাজার টাকা নোটের দুটি বান্ডিল পাওয়া যায়, যার মোট পরিমাণ দুই লাখ টাকা।
ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ইউএনও আব্দুল রহমান বলেন, খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে তিনি টাকা বিলি করার সময় হাতেনাতে ধরা পড়েননি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।


