কৈশোরের সীমানা পেরোনোর আগেই পেশাদার ক্রিকেটে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন বৈভব সূর্যবংশী। বয়সে কিশোর হলেও তার ব্যাটে যেন পরিণত ক্রিকেটারের ছাপ—যেখানে দাপটের সঙ্গে সামলাচ্ছেন বিশ্বের সেরা বোলারদেরও, এমনকি জাসপ্রিত বুমরাহ–দের মতো তারকাকেও। তাই স্বাভাবিকভাবেই ভবিষ্যতের বড় তারকা হিসেবে ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছে এই ভারতীয় তরুণ।

বড়দের সঙ্গে সমানতালে লড়াই করলেও মনটা এখনও শিশুসুলভই রয়ে গেছে বৈভবের। মাত্র ১৫ বছর বয়সী এই ক্রিকেটার ম্যাচের আগে নিয়মিত কার্টুন দেখে সময় কাটান। কমিক চরিত্রের জগতে ডুবে থেকেই নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেন তিনি। বুধবার লখনৌকে হারানোর পর রাজস্থানের এই ব্যাটার নিজেই জানিয়েছেন এমন তথ্য।

মাঠে নামার আগে নিজের মনকে শান্ত রাখাই তার প্রধান লক্ষ্য। আর সেই কাজে সবচেয়ে বেশি সাহায্য করে কার্টুন। ম্যাচ শেষে ‘স্টার স্পোর্টস’-এ বৈভব বলেন, “আমার মন খুব স্বচ্ছ থাকে। প্রতিটি ম্যাচের আগে আমি কার্টুন দেখি। আজও দেখেছি। এটা এখন অভ্যাস হয়ে গেছে। তবে ম্যাচের দিকেও আমার পূর্ণ মনোযোগ থাকে।”

উল্লেখ্য, লখনৌয়ের বিপক্ষে ম্যাচে আইপিএলে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন বৈভব। এর আগে তার সংগ্রহ ছিল ৪৯৮ রান। এদিন ২ রান করেই পৌঁছে যান এই অর্জনে। মাত্র ২২৭ বল খেলেই ৫০০ রান পূর্ণ করে ইতিহাস গড়েছেন তিনি—আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বলে এই মাইলফলকে পৌঁছানোর কৃতিত্ব এখন তার।

এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল–এর দখলে, যিনি ২৬০ বলে ৫০০ রান করেছিলেন। বৈভব সেই রেকর্ড ভেঙে নতুন মানদণ্ড স্থাপন করেছেন। তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে আছেন প্রিংয়াশ আর্য এবং বীরেন্দ্র শেবাগ, যারা ২৮০ বলে এই মাইলফলক ছুঁয়েছিলেন। আর পঞ্চম স্থানে রয়েছেন নমন ধীর, তার লাগে ২৮৩ বল।

Share.
Leave A Reply

Exit mobile version