সরকারের নতুন সিদ্ধান্তে যোগদান ও পদায়নের সময় এগিয়ে আনায় রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা। অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে তারা শাহবাগ ছেড়েছেন।
এদিকে মন্ত্রণালয় সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান (১ অক্টোবর) ও পদায়নের তারিখ (৪ অক্টোবর) ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তি প্রকাশের পর আজ রোববার (০২ আগস্ট) দুপুর ২টার দিকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়ে সুপারিশপ্তাপ্ত শিক্ষকেরা সরকারকে ধন্যবাদ জানান। এরপর তারা রাস্তা পরিস্কার করে তারা শাহবাগ ত্যাগ করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার উপসচিব জনাব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর নিয়োগযোগ্য শূন্য পদে নির্বাচিত প্রার্থীগণ আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে যথাসময়ে নিয়োগপত্র প্রেরণ করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে যোগদানের পর ৪ অক্টোবর পদায়ন এবং পরবর্তী সময়ে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রেরণ করা হবে।


