মূল্যস্ফীতি এবং নিম্ন আয়ের মানুষের প্রকৃত আয় বিবেচনায় ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা পাঁচ লাখ টাকা করার দাবি তুলেছে এফবিসিসিআই। সেই সঙ্গে নারীদের জন্য এ সীমা সাড়ে পাঁচ লাখ করার দাবি জানিয়েছে বাংলাদেশে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন।
এফবিসিসিআই প্রশাসক মো. আবদুর রহিম খান বলেন, বর্তমান মূল্যস্ফীতি এবং নিম্ন আয়ের মানুষের প্রকৃত আয় বিবেচনায় নিয়ে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা পাঁচ লাখ টাকা, সিনিয়র সিটিজেন ও মহিলাদের জন্য ৫ লাখ ৫০ হাজার টাকার নির্ধারণ এবং সর্বোচ্চ করহার ২৫ শতাংশ নির্ধারণ করার সুপারিশ করছি।
২০২৬-২৭ অর্থবছরের বাজেট সামনে রেখে বুধবার (২৯ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪৬তম সভায় তিনি এ দাবি তোলেন। এনবিআর ও এফবিসিসিআই এ সভার আয়োজন করে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ও বিভিন্ন সংগঠনের ব্যবসায়ী নেতারা সভায় অংশ নেন।
বর্তমান কর কাঠামো অনুযায়ী, ব্যক্তিশ্রেণির সাধারণ করদাতার করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা। নারী করদাতাদের এই সীমা ৪ লাখ, প্রতিবন্ধীদের ৪ লাখ ৭৫ হাজার এবং গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের ৫ লাখ টাকা।


