সম্প্রতি বলিউডে নিজের কণ্ঠের জাদুতে নতুন করে আলোচনায় উঠে আসেন জেসমিন স্যান্ডলাস। ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর’-এর একাধিক গানে কণ্ঠ দিয়ে প্রশংসা কুড়ালেও, সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এক লাইভ কনসার্টের ভিডিও তাকে এনে দিয়েছে ভিন্নধর্মী বিতর্কের কেন্দ্রে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লেহেঙ্গা-চোলি পরে মঞ্চে ‘শারারাত’ গান পরিবেশন করছেন জেসমিন। তবে গান গাওয়ার পাশাপাশি তার নাচের ভঙ্গি এবং মঞ্চে আচরণ নিয়ে তৈরি হয় আলোচনা। একপর্যায়ে হাতে থাকা বোতল থেকে নিজের মাথায় পানি ঢালেন তিনি, যা অনেকের কাছেই অতিরঞ্জিত ও দৃষ্টি আকর্ষণের চেষ্টা বলে মনে হয়েছে। নাচের কিছু স্টেপও দর্শকদের একাংশের কাছে অশালীন বলে বিবেচিত হয়।
সবচেয়ে বেশি প্রশ্ন ওঠে গানের অংশে। ভিডিওতে দেখা যায়, মিউজিক থেমে যাওয়ার পরও ভোকাল চলতে থাকে, অথচ মাইক্রোফোনটি তার মুখের কাছে ছিল না। এতে করে দর্শকদের মধ্যে সন্দেহ তৈরি হয়—এটি কি সত্যিই লাইভ পারফরম্যান্স ছিল, নাকি আগে থেকে রেকর্ড করা গান বাজিয়ে লিপ-সিঙ্ক করা হচ্ছিল?
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই অভিযোগ করেন, দর্শকদের সামনে লাইভ গানের নামে প্রতারণা করা হয়েছে। এক নেটিজেন মন্তব্য করেন, “লাইভ কনসার্টেও যদি লাইভ না গায়, তাহলে দর্শক কেন টাকা দেবে?” অন্য একজন প্রশ্ন তোলেন, “তাকে গান গাইতে ডাকা হয়েছিল, নাকি শুধু নাচ দেখানোর জন্য?” আবার কেউ কেউ তার পারফরম্যান্সকে ‘ওভার-অ্যাক্টিং’ বলেও আখ্যা দেন।
উল্লেখ্য, আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমায় জেসমিন মোট পাঁচটি গানে কণ্ঠ দিয়েছেন, যা তাকে সাম্প্রতিক সময়ে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এর আগে সালমান খান অভিনীত ‘কিক’ সিনেমার ‘ইয়ার না মিলে’ গান দিয়েও তিনি বলিউডে নিজের অবস্থান শক্ত করেছিলেন।
সাফল্যের পাশাপাশি বিতর্ক—দুই মেরুতেই এখন অবস্থান করছেন জেসমিন স্যান্ডলাস। এখন দেখার বিষয়, এই ঘটনার পর তিনি কীভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করেন এবং ভক্তদের আস্থা কতটা ফিরে পান।



