চ্যাম্পিয়নশিপে হতাশাজনক শুরুর পর কোচ নুনো এসপিরিতো সান্তোকে বরখাস্ত করেছিল ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। এবার তার জায়গায় সাবেক মিডফিল্ডার স্কট পার্কারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্লাবটি। আড়াই বছরের চুক্তিতে দায়িত্ব পেয়েছেন ৪৬ বছর বয়সী এই ইংলিশ কোচ।

চ্যাম্পিয়নশিপ থেকে ফুলহাম, বোর্নমাউথ ও বার্নলিকে প্রিমিয়ার লিগে তুলেছিলেন পার্কার। তবে গত এপ্রিলে বার্নলির সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর থেকে কোনো দলের দায়িত্বে ছিলেন না তিনি। প্রিমিয়ার লিগ থেকে বার্নলির অবনমনের পরই ক্লাব ছাড়েন পার্কার।

বুধবার কার্ডিফ সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়েস্ট হ্যামের কোচ হিসেবে অভিষেক হবে তার। পার্কারকে সহায়তা করবেন প্রথম দলের কোচ স্টিভ পটস, জেরার্ড প্রেন্ডারভিল ও বিলি লেপিন। সাবেক সতীর্থ মার্ক নোবলও ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর হিসেবে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

নিয়োগের পর পার্কার বলেন, ‘এই দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। এমন একটি ক্লাবে ফিরতে পেরে ভালো লাগছে, যা আমার ও আমার পরিবারের কাছে অনেক অর্থবহ।’

ওয়েস্ট হ্যামের সমর্থকদের সঙ্গে নিজের সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি, ‘এখানে এমন উষ্ণতা, ভালোবাসা ও অনুভূতি পেয়েছি, যা অন্য কোথাও সম্ভবত পাইনি। সমর্থকদের সঙ্গে আমার সম্পর্ক সব সময়ই বিশেষ ছিল। শুরু থেকেই তাদের কাছ থেকে যে সম্মান ও আন্তরিকতা পেয়েছি, তা অসাধারণ।’

Share.
Leave A Reply

Exit mobile version