ঢালিউডের রাজপুত্রখ্যাত সুপারস্টার শাকিব খান—যার প্রতিটি পদক্ষেপেই ভক্তদের উচ্ছ্বাস আর ভালোবাসার ঢেউ। জন্মদিন এলেই সেই ভালোবাসা যেন রূপ নেয় উৎসবে। গত শনিবার (২৮ মার্চ) নিজের জন্মদিনে দেশ-বিদেশের অগণিত ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভেসেছেন এই মেগাস্টার। সেই ভালোবাসার আবেগে আপ্লুত হয়ে ভক্তদের উদ্দেশে এক হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে শাকিব খান সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভক্তদের উদ্দেশে তিনি লিখেছেন, গতকাল আমার জন্মদিনে দেশের ভেতর ও বাইরে থেকে আসা অগণিত ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছায় আমি এখনও অভিভূত। আমার পাশে থাকার জন্য এবং এই বিশেষ দিনটি এত উষ্ণতার সাথে উদযাপনের জন্য সকল শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকে আমার আন্তরিক ধন্যবাদ ও গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এই ভালোবাসাই আমার শক্তি, এই সমর্থনই আমার অনুপ্রেরণা। আমি কথা দিচ্ছি, আপনাদের সবসময় আমার সেরাটা দিয়ে যাব। কৃতজ্ঞ, বিনম্র এবং সত্যিই ধন্য।
এদিকে ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিন্স’ সিনেমা দিয়ে বর্তমানে প্রেক্ষাগৃহে রাজত্ব করছেন শাকিব খান। মুক্তির প্রথম দিন থেকেই ছবিটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
তবে ‘প্রিন্স’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন চমক নিয়ে হাজির হয়েছেন এই নায়ক। তার নতুন সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্ট লুক পোস্টার ইতোমধ্যে শেয়ার করেছেন তিনি। আগে থেকেই ঘোষণা ছিল, জন্মদিনেই প্রকাশ পাবে ছবিটির প্রথম ঝলক—আর সেই প্রতিশ্রুতি রেখেই সকালে ভক্তদের জন্য পোস্টারটি উপহার দেন মেগাস্টার নিজেই।
বর্তমানে মালয়েশিয়ায় ‘রকস্টার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। সেখানে সহশিল্পী ও কলাকুশলীদের সঙ্গে জন্মদিনের কেক কাটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ভিডিওতে তাকে বেশ প্রাণবন্ত ও ফুরফুরে মেজাজে দেখা গেছে, যা ভক্তদের মাঝেও বাড়তি উচ্ছ্বাস তৈরি করেছে।


