এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে আজ রোববার (১ নভেম্বর)। যেসব শিক্ষার্থী প্রকাশিত ফলে সন্তুষ্ট নন বা প্রত্যাশিত নম্বর পাননি, তারা আগামী ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এ জন্য প্রতিটি পত্রের বিপরীতে ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ও ফি পরিশোধ করতে হবে।
গত শনিবার (৩১ অক্টোবর) চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে প্রায় ৬ লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এ অবস্থায় ফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য পুনর্নিরীক্ষণের সুযোগ দিয়েছে শিক্ষা বোর্ড।
গত ৩০ অক্টোবর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা বিজ্ঞপ্তিতে পুনর্নিরীক্ষণের আবেদনসংক্রান্ত নির্দেশনা জানানো হয়।
আবেদন করবেন যেভাবে
ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আবেদন করা যাবে https://rescrutiny.eduboardresults.gov.bd ঠিকানায়। ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে সাবমিট করতে হবে।
এরপর একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে খুদে বার্তার মাধ্যমে ফল জানানো হবে। পরবর্তী ধাপে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। সেখান থেকে যে বিষয়গুলোর উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ অপশনে যেতে হবে।
শিক্ষা বোর্ডের নির্ধারিত নিয়ম অনুযায়ী, প্রতিটি পত্রের আবেদন ফি ১৫০ টাকা। কোনো বিষয়ে দুটি পত্র থাকলে উভয় পত্রের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে। বিষয় নির্বাচন শেষে পরবর্তী ধাপে মোট ফি প্রদানের পরিমাণ দেখা যাবে।
আবেদনের টাকা পরিশোধ করা যাবে বিকাশ, নগদ, ডাচ্-বাংলা ব্যাংকের রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে। পেমেন্টের বিস্তারিত নিয়ম জানতে আবেদন পোর্টালের ‘হেল্প’ অপশন অনুসরণ করতে হবে।
ফি পরিশোধের পর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে আবার পোর্টালে প্রবেশ করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। এ ধাপ শেষ হলেই আবেদন জমা হবে।
একাধিক বিষয়ে আবেদনের সুযোগ
একজন শিক্ষার্থী একবার আবেদন জমা দেওয়ার পরও নতুন কোনো বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে আগের মতোই বিষয় নির্বাচন করে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। তবে দ্বিতীয়বার আবেদনের সময় নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
ফি জমা দেওয়ার আগে আবেদন সংশোধন বা পরিবর্তনের সুযোগ রয়েছে। এ জন্য ‘মুছে ফেলুন’ অপশন ব্যবহার করে যেসব বিষয়ের ফি এখনো পরিশোধ করা হয়নি, সেগুলোর আবেদন প্রত্যাহার করে নতুন করে বিষয় নির্বাচন করা যাবে।
তবে কোনো বিষয়ের আবেদন ফি একবার জমা দেওয়া হলে সেটি আর বাতিল করা যাবে না। একই সঙ্গে পরিশোধিত আবেদন ফি কোনো অবস্থাতেই ফেরত দেওয়া হবে না।
আন্তঃশিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে। সরাসরি বা ম্যানুয়াল পদ্ধতিতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই আগ্রহী শিক্ষার্থীদের ৭ নভেম্বরের মধ্যে নির্ধারিত ওয়েবসাইটে আবেদন ও ফি পরিশোধের কাজ শেষ করতে হবে।


