ইরানে একটি যাত্রীবাহী বাস উল্টে ১১ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনের বরাত দিয়ে আল অ্যারাবিয়া এ তথ্য জানিয়েছে।
দুর্ঘটনাটি মধ্য ইরানের মার্কাজি প্রদেশের সাভেহ-হামেদান মহাসড়কে ঘটে। প্রাদেশিক ট্রাফিক পুলিশ জানিয়েছে, চালকের অতিরিক্ত ক্লান্তি ও তন্দ্রার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
বাসটি কোথা থেকে কোথায় যাচ্ছিল, তাৎক্ষণিকভাবে তা জানায়নি কর্তৃপক্ষ। ইরানে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার বিশ্বের অন্যতম বেশি। দেশটিতে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ১৭ হাজারের বেশি মানুষ মারা যান। বিশেষজ্ঞদের মতে, অনিরাপদ যানবাহন, ট্রাফিক আইন না মানার প্রবণতা এবং পর্যাপ্ত জরুরি সেবার অভাব দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির অন্যতম কারণ।
এর আগে চলতি মাসের শুরুতে পশ্চিমাঞ্চলীয় শহর সানানদাজের কাছে একটি জ্বালানি ট্যাংকার কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে বিস্ফোরিত হয়। ওই দুর্ঘটনায় ১১ জন নিহত ও সাতজন আহত হন।
সূত্র: এবিসি নিউজ



