ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। শান্তি আলোচনা কার্যত অচল হয়ে পড়ায় দেশটিতে নতুন করে সামরিক অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সম্ভাব্য এই অভিযান আগামী সপ্তাহেই শুরু হতে পারে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা অগ্রগতি না হওয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা আবার বাড়তে শুরু করেছে। আলোচনা চলাকালে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিভিন্ন শর্ত ও পাল্টা শর্ত সামনে আসায় সমঝোতা এগোয়নি।

নিউইয়র্ক টাইমসের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্ভাব্য সামরিক অভিযানের জন্য ‘ইনটেনস প্রিপারেশন’ বা ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। আলোচনায় রয়েছে ইরানের সামরিক ও অবকাঠামোগত স্থাপনায় আরও বড় ধরনের হামলা। একই সঙ্গে হরমুজ প্রণালির আশপাশের কৌশলগত এলাকাগুলোও নজরে রাখা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, পারস্য উপসাগরে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপকে ঘিরেও সামরিক বিকল্প বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি পারমাণবিক স্থাপনা থেকে সংবেদনশীল উপাদান উদ্ধারে বিশেষ বাহিনী ব্যবহারের মতো ঝুঁকিপূর্ণ পরিকল্পনাও আলোচনায় রয়েছে। তবে সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের ভূখণ্ডে সরাসরি অভিযান চালানো হলে বড় ধরনের হতাহতের আশঙ্কা রয়েছে।

এদিকে ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘমেয়াদি সংঘাতের সম্ভাবনা ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছে তেল আবিব। এখন তারা মূলত ট্রাম্প প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version