নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ থাকা জেলা আওয়ামী লীগের ভাঙা দলীয় কার্যালয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমান–এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচারের ঘটনা ঘটেছে। ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর এই প্রথম পরিত্যক্ত ওই কার্যালয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকালে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ভাষণ প্রচারের একটি ভিডিও আপলোড করেন।

প্রায় আধা মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, ৫ আগস্টের পর কার্যক্রম নিষিদ্ধ নওগাঁ জেলা আওয়ামী লীগের ভাঙা দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় একটি ছোট মাইকের মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হচ্ছে।

তবে মাইকটি কার নেতৃত্বে এবং কখন সেখানে স্থাপন করা হয়েছে—এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ভিডিওতে দলের কোনো নেতাকর্মীকেও সেখানে উপস্থিত থাকতে দেখা যায়নি। তবে জেলার বিভিন্ন নেতাকর্মী তাদের নিজ নিজ ফেসবুক আইডিতে ওই ভাষণের ভিডিও শেয়ার করে বিষয়টি জানিয়ে দিচ্ছেন।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক জানান, তিনি বিষয়টি শুনেছেন। পরে স্থানীয় জনগণ মাইকটি খুলে নিয়ে চলে গেছে বলেও তিনি উল্লেখ করেন।

Share.
Leave A Reply

Exit mobile version