মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির জয়ের মধ্যেই ফল মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে যে দলই জয়ী হোক, সেই ফল মেনে নিয়ে বিরোধী দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

নির্বাচনের দিন দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নির্বাচনের ফল মেনে নিতে তিনি ‘পুরোপুরি প্রস্তুত’। বিরোধীদের সঙ্গে কাজ করার বিষয়ে তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গে কাজ করার অপেক্ষায় থাকব। সম্ভবত আমরা কোনো একটা সমাধানে পৌঁছাতে পারব।’

এবারের নির্বাচনে ডেমোক্র্যাটরা এমন কয়েকটি আসনে জয় পেয়েছেন, যেগুলো দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। গুরুত্বপূর্ণ এসব আসনে জয় দলটির কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনাকে আরও জোরালো করেছে।

নির্বাচনের ফলের ওপর নির্ভর করছে ট্রাম্প প্রশাসনের আগামী দুই বছরের কার্যক্রম। কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা হারালে আইন প্রণয়ন, সরকারি ব্যয় অনুমোদন ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত বাস্তবায়নে বাধার মুখে পড়তে পারে রিপাবলিকান প্রশাসন। অন্যদিকে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের ওপর নজরদারি ও তদন্তের সুযোগ বাড়বে।

Share.
Leave A Reply

Exit mobile version