আয়কর রিটার্ন জমা দিয়ে করছাড় পাওয়ার নির্ধারিত সময় শেষ হচ্ছে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর)। চলতি ২০২৬-২৭ অর্থবছর থেকে নতুন নিয়মে নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক আয়কর বিবরণী জমা দিলে রিটার্নে প্রদেয় করের ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা করছাড় পাওয়া যাচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছর থেকে এই নতুন সুবিধা চালু করেছে। ফলে আজকের মধ্যে রিটার্ন জমা দিলে করদাতারা নির্ধারিত হারে করছাড় পাবেন।
যেভাবে মিলবে করছাড়
ধরা যাক, কারও গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত করযোগ্য আয় ৭ লাখ টাকা। নিয়ম অনুযায়ী, প্রথম ৪ লাখ টাকা আয়ের ওপর কোনো কর দিতে হবে না। বাকি ৩ লাখ টাকার ওপর ১০ শতাংশ হারে কর প্রযোজ্য হবে। অর্থাৎ ওই করদাতার প্রদেয় করের পরিমাণ হবে ৩০ হাজার টাকা।
তিনি যদি আজ বুধবারের মধ্যে আয়কর রিটার্ন জমা দেন, তাহলে প্রদেয় করের ৫ শতাংশ হিসেবে ১ হাজার ৫০০ টাকা করছাড় পাবেন। ফলে ৩০ হাজার টাকার পরিবর্তে তাকে ২৮ হাজার ৫০০ টাকা কর পরিশোধ করতে হবে।
যেসব করের ওপর ছাড় মিলবে না
নতুন নিয়মে শুধু রিটার্ন জমা দেওয়ার সময় যে কর পরিশোধ করতে হবে, তার ওপরই করছাড় দেওয়া হবে। সারা বছর বিভিন্নভাবে পরিশোধ করা অগ্রিম বা উৎসে কাটা করের ওপর এই সুবিধা প্রযোজ্য হবে না।
সঞ্চয়পত্রের মুনাফা নেওয়ার সময় যে অগ্রিম কর কেটে রাখা হয়েছে, ব্যাংক থেকে এফডিআরের মুনাফা নেওয়ার সময় কেটে রাখা উৎসে কর কিংবা বেতন-ভাতার ওপর প্রতি মাসে পরিশোধ করা অগ্রিম কর—এসবের কোনো কোনোটির ওপরই নতুন করছাড় পাওয়া যাবে না।
অর্থাৎ, একজন করদাতা সারা বছর যে অগ্রিম বা উৎসে কর দিয়েছেন, রিটার্ন জমার সময় তা বাদ দেওয়ার পর নিট যে কর পরিশোধ করতে হবে, কেবল সেই অর্থের ওপরই ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা করছাড় মিলবে।
তবে নিয়ম মেনে সারা বছর কর পরিশোধ করা করদাতাদের সঙ্গে এই ব্যবস্থায় বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট করদাতাদের কেউ কেউ।
সময় পেরোলে করছাড় নয়, দিতে হবে জরিমানা
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে প্রদেয় করের ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা—যেটি কম, সেই পরিমাণ করছাড় পাওয়া যাবে।
অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে রিটার্ন জমা দিলে কোনো করছাড় বা প্রণোদনা পাওয়া যাবে না।
এরপর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকে রিটার্ন জমা দিলে প্রদেয় করের অতিরিক্ত ২ শতাংশ অথবা সর্বনিম্ন ৩ হাজার টাকা জরিমানা দিতে হবে।
আর এপ্রিল থেকে জুন পর্যন্ত চতুর্থ প্রান্তিকে রিটার্ন জমা দিলে প্রদেয় করের অতিরিক্ত ৫ শতাংশ অথবা সর্বনিম্ন ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে।
তাই করছাড়ের সুবিধা নিতে হলে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) এর মধ্যেই আয়কর রিটার্ন জমা দিতে হবে।


