রূপগঞ্জে পূর্বাচল তিনশ ফুট সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর আরোহী মাহমুদ হাসান।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পূর্বাচল তিনশ ফুট সড়কের ল্যাংকার মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকার কুদরত আলীর ছেলে। তিনি রূপগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। আহত মাহমুদ হাসান একই এলাকার সেলিম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, কাঞ্চন সেতুগামী একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলন্ত একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে দুজন আরোহী ছিটকে সড়কে পড়ে যান।
ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেন। গুরুতর আহত হন অপর আরোহী মাহমুদ হাসান, যাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থাও আশঙ্কাজনক।
পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

