দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে প্রায় ৯ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ভারত থেকে মরিচবোঝাই তিনটি ট্রাক প্রবেশের মধ্যে আমদানি কার্যক্রম শুরু হয়।
রাজ এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের নাসিক থেকে মরিচ আমদানি করছে। প্রথম দিনে তিনটি ট্রাকে ২১ মেট্রিক টন কাঁচামরিচ এসেছে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধের উপ-সহকারী কর্মকর্তা উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের উৎপাদন কমে যাওয়ায় দাম বেড়েছে। দেশের বিভিন্ন জায়গায় ৩০০-৪০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে প্রতিকেজি কাঁচামরিচ। দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে কাঁচামরিচের আমদানির অনুমতি দিয়েছে সরকার। এরইমধ্যে হিলি স্থলবন্দর থেকে ১৬টি প্রতিষ্ঠান আমদানির অনুমতি পেয়েছে। এর আগে সবশেষ ২০২৫ সালের ২০ নভেম্বর হিলি দিয়ে কাঁচামরিচ আমদানি করা হয়েছিল।
হিলি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রকারভেদে ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে, যা গত এক সপ্তাহ ধরেই অপরিবর্তিত রয়েছে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধের উপ-সহকারী কর্মকর্তা উজ্জ্বল হোসেন বলেন, ‘বাজারে কাঁচামরিচের দাম স্বাভাবিক রাখতে আমদানির অনুমতি দিয়েছে সরকার। আজ প্রথম দিনেই তিনটি ট্রাকে ২১ মেট্রিক টন আমদানি করা হয়েছে।’
তিনি আরও বলেন, বর্তমান ১৬ জন আমদানিকারক পাঁচ হাজার ১০০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি অনুমতি পেয়েছেন। পরিমাণ আরও বাড়তে পারে।

