দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় স্বাস্থ্যকেন্দ্র লক্ষ্য করে আঘাত হানার ফলে অন্তত ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন।
শনিবার (১৪ মার্চ) লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ লেবাননের বুর্জ কালাউইয়া শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলি হামলায় ১২ জন চিকিৎসক, প্যারামেডিক ও নার্স নিহত হন। হামলার সময় তারা কেন্দ্রটিতে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে সাওয়ানেহ শহরে পৃথক আরেকটি হামলায় হিজবুল্লাহ এবং তাদের সহযোগী সংগঠন আমাল মুভমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট দুই প্যারামেডিক নিহত হওয়ার খবর পাওয়া যায়।
অন্যদিকে, ইসরাইলের বিভিন্ন অঞ্চলেও নতুন করে হামলা চালিয়েছে ইরান ও হিজবুল্লাহ। সর্বশেষ হামলায় বেশ কিছু স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইসরাইলের উত্তরাঞ্চলের আপার গ্যালিলি এলাকায় হামলা হয়েছে। লেবানন সীমান্তের কাছাকাছি হওয়ায় এই এলাকায় হিজবুল্লাহর রকেট হামলার আশঙ্কা আগে থেকেই ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

