রাজধানীর গ্রিন রোডে অবস্থিত গ্রিন লাইফ হাসপাতালে আগুন লেগেছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, হাসপাতালটির ছয় ও সাততলায় ধোঁয়া দেখা গেছে। আমাদের দুটি ইউনিট সেখানে কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুনের খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ছুটাছুটি করতে থাকেন।
হাসপাতাল কর্তৃপক্ষ বা ফায়ার সার্ভিস এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য নিশ্চিত করেনি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো।

