হাঁটুর ইনজুরি কাটিয়ে ফেরার মাত্র এক সপ্তাহের মধ্যেই আবারও চোটে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে। এবার হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হওয়ায় রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকার পুরো মৌসুমই শেষ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ ক্লাব কর্তৃপক্ষ। বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে এই চোটে পড়া ফরাসি তারকার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
কিলিয়ান এমবাপ্পে গত শুক্রবার রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচে মাঠে নামেন, যেখানে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ওই ম্যাচেই ইনজুরিতে পড়ে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন।
স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, চলতি মৌসুমের বাকি ম্যাচগুলোতে এমবাপ্পের খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
এদিকে আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে এই চোট দিদিয়ের দেশমের দলের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে ফ্রান্স তাদের শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে। গ্রুপ ‘আই’-তে ফ্রান্সের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে।

