বিয়ে নিয়ে নতুন স্বপ্ন দেখেছিলেন। জীবনে এসেছিল এমন একজন মানুষও, যাকে ঘিরে ভবিষ্যতের পরিকল্পনা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্ক আর গন্তব্যে পৌঁছায়নি। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবারও ব্যতিক্রম নন। ঈদুল আজহা উপলক্ষে একটি অনলাইন অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেম, বিয়ে, সম্পর্কের অভিজ্ঞতা এবং শৈশবের ঈদস্মৃতি নিয়ে অকপটে কথা বলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
অনুষ্ঠানে বাঁধনের কাছে জানতে চাওয়া হয়, নতুন করে প্রেম বা বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না। জবাবে অভিনেত্রী জানান, গত বছর তিনি বিয়ের কথা ভেবেছিলেন। এমনকি বিয়ে করার মতো একজন মানুষও তাঁর জীবনে এসেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক পরিণতি পায়নি।
বাঁধন বলেন, ‘সত্যি বলছি, গত বছর বিয়ের পরিকল্পনা ছিল। পরিকল্পনা থাকলেও আমার পছন্দমতো মানুষ পেতে হবে। বিয়ে করার মতো একজনকে পেয়েও ছিলাম। যার মা আমাকে খুব পছন্দ করেছিল। কিন্তু সে আসলে ভেগে গেছে।’
বর্তমানে বিয়ের জন্য উপযুক্ত কাউকে খুঁজে পাচ্ছেন না বলেও জানান তিনি। তবে প্রেমের সম্পর্কের অভিজ্ঞতা যে তাঁর জীবনে ছিল, সেটিও অকপটে স্বীকার করেছেন এই অভিনেত্রী।
তাঁর ভাষায়, ‘এখন আমি বিয়ে করার মতো পাত্র আমার আশপাশে পাই নাই। প্রেম করার জন্য দুই একজনকে পেয়েছিলাম। তার মধ্যে একজনের সঙ্গে প্রেমও করেছি। কিন্তু বিয়ে করার জন্য পাত্রই আসলে গুরুত্বপূর্ণ।’
নিজের অতীত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে বাঁধন বলেন, ‘বিয়ে তো আমি দুইবার করে ফেলেছি। এখন আর নিশ্চয়ই সেই ভুলটা করা যাবে না।’
আলাপচারিতার এক পর্যায়ে ঈদকে ঘিরে শৈশবের স্মৃতিও ভাগাভাগি করেন অভিনেত্রী। তিনি জানান, ছোটবেলায় কোরবানির ঈদ মানেই ছিল পরিবারের সবাইকে নিয়ে গ্রামের বাড়িতে আনন্দঘন সময় কাটানো। মুন্সীগঞ্জের শ্রীনগরে তাঁদের গ্রামের বাড়িতে উদযাপিত ঈদের স্মৃতি এখনও তাঁর মনে উজ্জ্বল।
তবে সময়ের সঙ্গে সঙ্গে ঈদ উদযাপনের অনুভূতিও বদলে গেছে বলে মনে করেন তিনি। বাঁধনের মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঈদের আনন্দের জায়গা অনেকটাই দখল করে নিয়েছে দায়িত্ববোধ। আর রোজার ঈদের সবচেয়ে আনন্দের স্মৃতিগুলোর একটি ছিল পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে সিনেমা হলে গিয়ে নতুন ছবি দেখা—যে স্মৃতি এখনও তাঁকে নস্টালজিক করে তোলে।

