আগামী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। ঢাকা মহানগরীর ১২৭টি কেন্দ্রে সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছানো এবং রাজধানীর সার্বিক যান চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ নির্দেশনা জারি করেছে।
শনিবার ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নগরবাসী ও যানবাহন চালকদের প্রতি এ অনুরোধ জানানো হয়।
ডিএমপির ৬ নির্দেশনা হলো:
সময় নিয়ে বের হওয়া:
পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশে রওনা দিতে বলা হয়েছে।
কেন্দ্রের সামনে নামা নয়:
ব্যক্তিগত গাড়িতে আসা পরীক্ষার্থীদের কেন্দ্রের ঠিক সামনে না নেমে, তুলনামূলক কম ব্যস্ত নিকটবর্তী স্থানে নেমে হেঁটে কেন্দ্রে যেতে হবে। ফেরার সময়ও একই নিয়ম মানতে হবে।
পার্কিং নিষিদ্ধ:
কোনো অবস্থাতেই পরীক্ষা কেন্দ্রের আশপাশের সড়কে গাড়ি পার্কিং করা যাবে না। করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিভাবকদের সড়কে অবস্থান নয়:
অভিভাবকদের কেন্দ্রের আশপাশের সড়কে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে। সড়কে অবস্থান করে যান চলাচলে বিঘ্ন ঘটানো সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী অর্থদণ্ডযোগ্য অপরাধ।
বিকল্প সড়ক ব্যবহার:
পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা আগে থেকে পরীক্ষার্থী ছাড়া অন্য যাত্রীদের জরুরি প্রয়োজন না থাকলে কেন্দ্র সংলগ্ন সড়ক পরিহার করতে বলা হয়েছে।
২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ:
পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্যদের অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ।
ডিএমপি জানিয়েছে, এসএসসি পরীক্ষা জাতীয় গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি। পরীক্ষার্থীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে যেকোনো জরুরি প্রয়োজনে ডিএমপি কন্ট্রোল রুমের ৪৮৩১২৫৫৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
