দলীয় নেতা কর্মীদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় জরুরি বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে আসবেন না। এখনও একাধিক রাউন্ডে গণনা হয়নি। হতাশ না হয়ে কর্মীরা নিশ্চিন্তে থাকুন।
সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় মমতা বলেন, ‘এটা বিজেপির প্ল্যান। প্রথম দুই-তিন রাউন্ড ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। অনেক জায়গায় দুই-তিন রাউন্ড গণনার পরে ১০০টি জায়গায় গণনা বন্ধ করে দিয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে সাতটি মেশিন, যেখানে কোনো মিল নেই।
এটা কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে জোর করে করানো হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘চারিদিকে তৃণমূল কংগ্রেসের ওপরে অত্যাচার করছে। অফিস ভাঙছে, জোর করে দখল করছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে (এসআইআর) যে আসন জিততে পারে, সেটা দখল করেছে।
এখনও আমরা যে আসনে এগিয়ে আছি, সেটা বলছে না। মিথ্যা খবর খাওয়াচ্ছে।’
কর্মীদের মমতা বলেন, ‘আমি সব পার্টির কর্মী, কাউন্টিং এজেন্টদের বলব, মন খারাপ করার কোনো কারণ নেই। আমি বলেছি, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন-চার রাউন্ড কাউন্ট হয়েছে।
১৪-১৮ রাউন্ড কাউন্ট হবে। তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড ওয়াচ। আপনার কেউ ভয় পাবেন না। নিশ্চিতে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়ব।’

