যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চুক্তি করার ‘খুবই কাছাকাছি’ অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।
তিনি দাবি করেছেন যে, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরসহ ‘প্রায় সব কিছুতেই রাজি হয়েছে’।
মার্কিন প্রেসিডেন্টের দাবি অনুযায়ী, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি বা মজুত না করার বিষয়ে একমত হয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে যে চুক্তিটি নিয়ে আলোচনা চলছে, সেটির মেয়াদ ২০ বছরেরও বেশি হতে পারে।
এই চুক্তির সম্ভাবনাকে ‘খুবই উজ্জ্বল’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ইরানের প্রতিনিধি দলের সঙ্গে আগামী সপ্তাহান্তেই পরবর্তী বৈঠক হতে পারে। চুক্তিটি চূড়ান্ত ও স্বাক্ষরিত হলে তিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফর করার ইচ্ছাও প্রকাশ করেন।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট মনে করছেন, তার আগেই স্থায়ী সমাধান চলে আসবে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি কোনো কারণে চুক্তি না হয়, তবে পুনরায় লড়াই শুরু হবে।
লেবানন ও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি সম্পর্কে তিনি জানান, ইসরায়েল ও লেবানন ১০ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় রাত ৯টা (বাংলাদেশ সময় শুক্রবার রাত ৩টা) থেকে কার্যকর হওয়ার কথা।

