ঢালিউডে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা জল্পনা-কল্পনার মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করলেন চিত্রনায়িকা শবনম বুবলী। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান–এর সঙ্গে তার সম্পর্ক নিয়ে চলমান গুঞ্জনে অবশেষে সরাসরি ব্যাখ্যা দিলেন তিনি। জানালেন, তাদের মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিক বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি—এ কারণে নতুন করে বিয়ের প্রশ্নই ওঠে না।
ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে জনপ্রিয় পডকাস্ট বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে–তে অতিথি হিসেবে উপস্থিত হন বুবলী। সেখানে সঞ্চালক রুম্মান রশীদ খানের প্রশ্নের জবাবে নিজের বৈবাহিক অবস্থা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
বুবলী বলেন, “শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই আসে না।” শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার খবর প্রসঙ্গে তিনি জানান, এটি যার যার ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়।
নিজের অবস্থান ব্যাখ্যা করে বুবলী আরও বলেন, “ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড কিংবা বিধবা হয়। এখানে ‘অতীত’ বলে কোনো অপশন নেই।”
শাকিবের সঙ্গে সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। জানান, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অভিমান হতে পারে, আবার সেগুলো মিটেও যায়। তবে জোর দিয়ে পুনরায় উল্লেখ করেন, “আমাদের কখনো ডিভোর্স হয়নি। বিষয়টি নিয়ে অনেকে হয়তো দ্বিধায় ছিলেন, তাই পরিষ্কার করে বললাম।”
এই বিশেষ পডকাস্টে বুবলী শুধু শাকিব খানের সঙ্গে তার সংসারের বর্তমান অবস্থাই নয়, নিজের প্রথম প্রেম ও মিডিয়াপাড়ার নানা গুঞ্জন নিয়েও খোলামেলা আলোচনা করেন।

