ময়মনসিংহের ভালুকায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য।
বুধবার (২১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
এর আগে গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এএসআই) রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল ইসলাম।
উপ-পরিদর্শক (এএসআই) রাহিদুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল কদ্দুস নিজ এলাকায় অবস্থান করছেন। পরে কনস্টেবল বাকিরুল ইসলামকে সঙ্গে নিয়ে তাকে গ্রেপ্তার করতে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে কদ্দুসের স্বজনরা তাদের ওপর হামলা করেন। পরে আশপাশের লোকজনের সহায়তায় তারা ঘটনাস্থল থেকে ফিরে আসেন।
এ সম্পর্কে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, হামলায় আহত দুই পুলিশ সদস্য ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।

