রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত অতিরিক্ত উপমহাপরিদর্শক আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাসায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ৫৮ জন তরুণ ও ২৬ জন তরুণী রয়েছেন। এ ঘটনার পর অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার পিওএইচএস-১ হাউজিংয়ে পুলিশ ফাঁড়ির পাশে অবস্থিত আড়াইতলা ভবনটিতে সোমবার রাতে অভিযান শুরু হয়। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত অভিযান চলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
তিনি জানান, ওই বাসাটি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বাসা। তিনি বাসাটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধভাবে মাদকসেবন, ডিজে পার্টি পরিচালিত হচ্ছিল। অভিযানে উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য। আটকদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও আছেন। এ ব্যাপারে আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) রাত ১২টার দিকে ওই বাড়িতে অভিযান শুরু করে ডিবি। তবে, আটকদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জব্দ করা সিনথেটিক মাদকের ধরণ ও পরিমাণ সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এখনো বিস্তারিত জানানো হয়নি।

