আলবেনিয়ার রাজধানী তিরানায় শিক্ষার ব্যয় বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে বুধবার (১৪ অক্টোবর) রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন হাজারো শিক্ষার্থী। এ সময় একটি সরকারি ভবন ও দুটি ব্যাংকে আগুন দেওয়া হয়। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়েন বিক্ষোভকারীরা।
বার্তাসংস্থা রয়টার্সের ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা শিক্ষা মন্ত্রণালয়ের ভবনে আগুন ধরিয়ে দেন। তারা স্থানীয় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সামনেও ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।
শিক্ষা মন্ত্রণালয়ের কাছেই রাইফাইসেন ব্যাংকের একটি শাখায়ও আগুন লাগে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
দেশটির প্রধানমন্ত্রী এদি রামার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ের মধ্যে এটিই সবচেয়ে সহিংস বিক্ষোভ। সরকারের শীর্ষ কর্মকর্তাদের ঘিরে দুর্নীতির অভিযোগের কারণে তার প্রতি অসন্তোষ ক্রমেই বাড়ছে। তবে বিক্ষোভকারীরা বিরোধী দলের নেতাদেরও বিকল্প হিসেবে গ্রহণযোগ্য মনে করছেন না।
এর আগে গত গ্রীষ্মে রামার বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছিল। আলবেনিয়ার দক্ষিণ উপকূলের প্রাকৃতিক সৌন্দর্যঘেরা এলাকায় একটি বিলাসবহুল পর্যটনকেন্দ্র নির্মাণের প্রস্তাবকে কেন্দ্র করে ওই বিক্ষোভ শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সমর্থনপুষ্ট প্রকল্পটি নিয়ে আইনি বিরোধ দেখা দিয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া লোরা নামের এক শিক্ষার্থী বলেন, ‘এটি একটি বিপ্লব। শান্তিপূর্ণ বিক্ষোভ করতে করতে আমরা ক্লান্ত। রামা পদত্যাগ না করা পর্যন্ত আমরা থামব না।’ পুলিশের দিকে পাথর ছুড়তে ছুড়তে তিনি এ কথা বলেন। নিজের পদবি জানাতে অস্বীকৃতি জানান ওই শিক্ষার্থী।
সূত্র: রয়টার্স

