পাকিস্তান নারী দলের অধিনায়ক ফাতিমা সানা এবার দল পেলেন নারী বিগ ব্যাশ লিগে। পার্থ স্কর্চার্সের সঙ্গে এক বছরের চুক্তি করেছেন ২৪ বছর বয়সী এই অলরাউন্ডার।
ফাতিমাকে দলে নেওয়ার মধ্য দিয়ে স্কর্চার্সের বিদেশি খেলোয়াড়ের তালিকাও পূর্ণ হয়েছে। তার সঙ্গে দলটিতে আছেন ইংল্যান্ডের ফ্রেয়া কেম্প ও নিউজিল্যান্ডের সোফি ডিভাইন। নতুন মৌসুমে ফাতিমা স্কর্চার্সের হয়ে প্রথম আট ম্যাচে খেলতে পারবেন। তবে পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে না থাকার অনুমতি পেলে পরের ম্যাচগুলোতেও তাকে পাওয়া যেতে পারে।
ফাতিমার জন্য এটি হবে অভিষেক বিবিএল। পাকিস্তানের হয়ে এর আগে শুধু নিদা দারই এই প্রতিযোগিতায় খেলেছেন। ফলে বিগ ব্যাশে খেলা দ্বিতীয় পাকিস্তানি নারী ক্রিকেটার হতে যাচ্ছেন ফাতিমা।
চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটেও দুর্দান্ত সময় কাটাচ্ছেন ফাতিমা। টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৫ বলে ফিফটি করে নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন তিনি। একই বছরে বার্মিংহাম ফিনিক্সের হয়ে দ্য হান্ড্রেডে খেলা প্রথম পাকিস্তানি নারী ক্রিকেটারও হয়েছেন ফাতিমা।
পার্থে যোগ দিয়ে ফাতিমা বলেছেন, ‘পাকিস্তান থেকে নারী বিবিএল দেখেছি এবং সব সময় ভাবতাম, এই দারুণ টুর্নামেন্টের অংশ হতে পারলে কেমন লাগবে। এখন স্কর্চার্সের প্রতিনিধিত্ব করা এবং মাঠে দর্শকদের সামনে খেলার সুযোগ পাওয়া—এটা সত্যিই বিশেষ কিছু।’
আগামী ৩১ অক্টোবর মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী বিবিএলের এবারের মৌসুম শুরু করবে পার্থ স্কর্চার্স।

