মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের তামান লিঙ্গি এলাকায় সহকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
নেগেরি সেম্বিলান পুলিশের প্রধান দাতুক আলজাফনি আহমাদ জানান, সোমবার (০৪ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে এক বাংলাদেশিকে আটক করা হয়।
তিনি জানান, প্রাথমিক তদন্তের পর লিঙ্গির সুয় এলাকা থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, নিহত তিনজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। আহত আরেক বাংলাদেশিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনায় জড়িত সবাই একই প্রতিষ্ঠানে কাজ করতেন এবং একই বাসায় থাকতেন। ধারণা করা হচ্ছে, ঘটনাটি একাধিক স্থানে ঘটেছে। পুরো ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। তাকে রিমান্ডের আবেদন জানাতে মঙ্গলবার পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে। তবে এর পেছনের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস

