দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা জোরদারের অংশ হিসেবে আজ শনিবার (১ আগস্ট) থেকে সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। নতুন এই বিধান অনুযায়ী, জিপিএস ছাড়া কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন বা ফিটনেস সনদ দেওয়া কিংবা নবায়ন করা হবে না।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্দেশনায় বলা হয়েছে, নতুন নিবন্ধন এবং ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্রের পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটি সচল রয়েছে কি না, সেটিও দেখাতে হবে।
সংশ্লিষ্টরা বলছেন, গণপরিবহনের অবস্থান পর্যবেক্ষণ, রুট ব্যবস্থাপনা উন্নত করা এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিআরটিএ পরিবহন মালিক ও সংশ্লিষ্টদের দ্রুত জিপিএস স্থাপন এবং তা সচল রাখার প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম খান বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জিপিএস স্থাপনের বিষয়ে চুক্তি সম্পন্ন হয়েছে। তবে প্রথম দিন থেকেই দেশের সব গণপরিবহনে এই ব্যবস্থা পুরোপুরি চালু করা সম্ভব হবে না। ধাপে ধাপে এটি বাস্তবায়ন করতে কিছু সময় লাগবে বলে তিনি জানান।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের মতে, শুধু প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সড়ক নিরাপত্তার সব সমস্যা সমাধান হবে না। এর পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহি ও প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে। প্রযুক্তি ও সুশাসনের সমন্বয় ঘটলেই কাঙ্ক্ষিত সুফল পাওয়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
বিআরটিএ চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, নতুন নিবন্ধনের জন্য আসা প্রতিটি গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত থাকা বাধ্যতামূলক। একই নিয়ম ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তিনি বলেন, কোনো যানবাহনে জিপিএস সংযুক্ত ও সচল রয়েছে কি না, তা যাচাইয়ের জন্য বিআরটিএ নিজস্ব প্রযুক্তিনির্ভর তদারকি ব্যবস্থা গড়ে তুলছে।

