বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে এই ম্যাচটি লিওনেল মেসির জন্য শুধু ট্রফি জয়ের লড়াই নয়, ইতিহাসের পাতায় নতুন করে নাম লেখানোরও সুযোগ। ফাইনালে মাঠে নামলেই আর্জেন্টাইন অধিনায়কের সামনে থাকছে অন্তত ১১টি অনন্য রেকর্ড গড়ার হাতছানি।
৩৯ বছর ২৫ দিন বয়সে বিশ্বকাপ ফাইনালে খেলতে নামবেন মেসি। গোলরক্ষকদের বাদ দিলে তিনিই হবেন বিশ্বকাপ ফাইনালে খেলা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার। সব মিলিয়ে সবচেয়ে বেশি বয়সে ফাইনাল খেলার রেকর্ড এখনও ইতালির কিংবদন্তি গোলরক্ষক দিনো জফের দখলে।
এবারের ফাইনাল হবে মেসির তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। আর্জেন্টিনার ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে তিনি তিনটি বিশ্বকাপ ফাইনালে দলকে নেতৃত্ব দেবেন। এর আগে ডিয়েগো ম্যারাডোনা দুইবার ফাইনালে অধিনায়ক ছিলেন। সব মিলিয়ে ব্রাজিলের কিংবদন্তি কাফুর পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলবেন মেসি।
স্পেনকে হারিয়ে শিরোপা জিততে পারলে নতুন ইতিহাস গড়বেন আর্জেন্টাইন অধিনায়ক। প্রথম ফুটবলার হিসেবে অধিনায়ক হিসেবে দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বেন তিনি। পাশাপাশি ব্রাজিল ও ইতালির পর তৃতীয় দেশ হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের নজির স্থাপন করবে আর্জেন্টিনা। একই সঙ্গে টানা দুই বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী ফুটবলারও হবেন মেসি।
গোলের রেকর্ডেও অপেক্ষা করছে একাধিক মাইলফলক। ফাইনালে একটি গোল করলেই বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বেশি বয়সে গোল করা ফুটবলার হবেন তিনি। বর্তমানে এই রেকর্ড সুইডেনের নিলস লিডহোমের দখলে। একই সঙ্গে একটি গোল করলেই ১৯৩০ সালে গিয়ের্মো স্তাবিলের গড়া এক বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ আট গোলের রেকর্ডও ভেঙে দেবেন।
ফাইনালে দুটি গোল করতে পারলে আরও বড় অর্জন অপেক্ষা করছে মেসির জন্য। এক বিশ্বকাপে ১০ গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি। ইউরোপের বাইরের কোনো ফুটবলার হিসেবে এটিই হবে প্রথম এমন কীর্তি। এর আগে এক বিশ্বকাপে ১০ বা তার বেশি গোল করেছেন শুধু জুস্ত ফঁতেন, সান্দর কচিস ও গার্ড মুলার।
২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করেছিলেন মেসি। এবারও গোল করতে পারলে ইতিহাসের ষষ্ঠ ফুটবলার হিসেবে দুটি ভিন্ন বিশ্বকাপ ফাইনালে গোল করার কীর্তি গড়বেন। আর দুটি গোল করলে বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ চার গোলের রেকর্ডে কিলিয়ান এমবাপের পাশে জায়গা করে নেবেন। হ্যাটট্রিক করতে পারলে গড়বেন নতুন বিশ্বরেকর্ড।
এছাড়া ফাইনালে গোল করে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিতে পারলে আরেকটি রেকর্ডও ভাঙার সুযোগ থাকবে তার সামনে। চ্যাম্পিয়ন দলের হয়ে এক বিশ্বকাপে সর্বোচ্চ আট গোলের রেকর্ডটি বর্তমানে ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর, যিনি ২০০২ বিশ্বকাপে এই কীর্তি গড়েছিলেন। সেই রেকর্ডও ছাড়িয়ে যেতে পারেন মেসি।
সব মিলিয়ে স্পেনের বিপক্ষে বিশ্বকাপের এই ফাইনাল শুধু শিরোপা নির্ধারণের ম্যাচ নয়, লিওনেল মেসির জন্য হতে পারে রেকর্ডে ভরা আরেকটি ঐতিহাসিক রাত।

