ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
প্রথম আদেশে জানানো হয়, ২০২৩ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ১৬ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা আগামী ১১ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
অপর এক আদেশে বলা হয়েছে, ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ১৬ জুলাই অনুষ্ঠিতব্য আবশ্যিক ইংরেজি (বিষয় কোড: ১২১১০১) পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ জুলাই (শনিবার)। এ ছাড়া পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের পরীক্ষা-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করার আহ্বান জানিয়েছে। অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্যও অনুরোধ করা হয়েছে।

