পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় একটি শাটল ট্রেনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন আরও ৮০ জনের বেশি মানুষ।
রোববার (২৪ মে) সকালে কোয়েটার চমন ফটকের কাছে বিস্ফোরণটি ঘটে।
জানা গেছে, ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে যাত্রা শুরু করেছিল। এ ট্রেনে মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন।
বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং অন্তত দুটি বগিতে আগুন লাগে। আশপাশে থাকা কিছু যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশুর উপস্থিতির কথাও জানা গেছে।
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগকে সামরিক হাসপাতালে এবং বাকিদের কোয়েটার সিভিল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রাথমিক তদন্তে নিরাপত্তা সংস্থাগুলোর ধারণা, শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে। তবে এটি আত্মঘাতী হামলা ছিল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ট্রেনটি রেলস্টেশনের দিকে যাওয়ার সময় হামলার শিকার হয়। বিস্ফোরণে ইঞ্জিনসহ কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু বগি উল্টে যায়।
ঘটনার পরপরই উদ্ধারকারী দল, সহায়তাকারী ট্রেন এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি কার্যক্রমও চালানো হচ্ছে।

