বাগেরহাটের মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
বুধবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের ঝালকাঠির ভট্ট বালিঘাটায় এ দুর্ঘটনা ঘটে।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানান, মোংলা থেকে মোটরসাইকেল যোগে তিন আরোহী খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল, তখন বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি ট্রাকের নিচে আটকে যায়। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হয়। আহত দুজনকে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতদের মধ্যে আব্দুল কাদের নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া ভবনা এলাকার বাসিন্দা। তিনি মোটরসাইকেল চালাছিলেন।
বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল ইসলাম জানান, দুর্ঘটনা থেকে উদ্ধার করে দুই পুরুষকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে ফায়ার সার্ভিস। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রাশিদ জানান, আহত অবস্থায় উদ্ধার করে দুই জনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।

