কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম তাজকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে ঢাকার শাহবাগ পিরামিড মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ওসি শহিদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ২০১৮ সালের ২০ ডিসেম্বর মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতানী ঘাট এলাকায় নির্বাচনি প্রচারণার সময় ড. খন্দকার মোশাররফ হোসেনসহ বিএনপির নেতাকর্মীদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ ঘটনায় মেঘনা উপজেলা মহিলা দলের সভানেত্রী মাহবুবা ইসলাম মিলি বাদী হয়ে চলতি বছরের ১৫ মে ৮৬ জনকে আসামি করে একটি মামলা করেছেন। এ মামলার ৪নং আসামি তাজুল ইসলাম তাজ। এছাড়াও তার বিরুদ্ধে মেঘনা থানার একাধিক মামলা আদালতে বিচারাধীন আছে বলেও জানায় পুলিশ।
ওসি শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় আমাদের একটি টিম শাহবাগ পিরামিড মার্কেট থেকে তাজুল ইসলাম তাজকে গ্রেফতার করেছে। তাকে মেঘনা থানায় আনার প্রক্রিয়া চলছে।

