সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৫০ শিশুর মৃত্যু হলো। গত একদিনে নতুন করে আরো ১ হাজার ৪৫৯ জন শিশু হাম ও এই রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে নতুন করে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২ এবং ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১৮ জন, গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ছয় হাজার ৯৩৭ জন। এছাড়া ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়ালো ৫০ হাজার ৫০০ জনে।
১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫ হাজার ৯৮০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১ হাজার ৯৯২ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত নিশ্চিত হামে ৬৫ জনের মৃত্যু হয়েছে।

