রূপালি পর্দার উজ্জ্বল আলো আর আভিজাত্যের আড়ালেও একেবারে সহজ-সরল জীবনযাপনেই স্বস্তি খুঁজে পান জয়া আহসান। প্রকৃতির কাছাকাছি থাকা আর দেশি খাবারের প্রতি তার টান নতুন কিছু নয়—আর সেই ভালোবাসারই এক টুকরো ঝলক মিলল এবার সামাজিক মাধ্যমে।
অভিনয়ের ব্যস্ততার মাঝেও ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা নন তিনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যেই নিজের ছোট ছোট আনন্দ ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। এবারও তার ব্যতিক্রম হলো না।
সম্প্রতি ডুমুর হাতে উচ্ছ্বাস প্রকাশ করে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। ছবিতে দেখা যায়, হলুদ রঙের টিশার্ট পরে মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন তিনি। একদিকে বড় পাত্রভর্তি দেশি ডুমুর, পাশে সজনে ডাঁটা—সব মিলিয়ে একেবারে গ্রামবাংলার চেনা আবহ।
ছবির ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, ‘দেশি ডুমুর বা কাকডুমুর, মাংসের মশলা ব্যবহার করে মা ডুমুর দিয়ে একটা দারুণ পদ রান্না করে।’ সেই সঙ্গে তিনি ডুমুরের পুষ্টিগুণের কথাও তুলে ধরেন। তার ভাষায়, ‘খাদ্য হিসেবে এটি খুবই পুষ্টিকর; রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, পটাশিয়াম, ক্যালসিয়াম ও আয়রন।’
স্বাভাবিকভাবেই এমন পোস্টে ভক্তদের প্রতিক্রিয়াও এসেছে বেশ মজার ঢঙে। কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘জয়া আপু আপনি ডুমুর খাইয়া খাইয়া আপনার সৌন্দর্য ধরে রাখছেন—আমরা সবাই বুঝতে পারছি।’ আরেকজনের মন্তব্য, ‘তাহলে তো খালাম্মার রেসিপিটা দিতে হতো! এত উপকারী উপাদান আছে, কিভাবে মিস করি।’
সব মিলিয়ে, তারকা জীবনের গ্ল্যামারের বাইরে জয়ার এই সরল, দেশি ছোঁয়ায় ভরা মুহূর্তগুলোই যেন ভক্তদের কাছে আরও বেশি আপন করে তোলে তাকে।

