পশ্চিমবঙ্গের নির্বাচনের শেষ মুহূর্তে এক আবেগঘন বার্তা দিয়ে আলোচনায় উঠে এসেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। বিহারের এই তরুণী শিল্পী এবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর হয়ে প্রচারণায় অংশ নিয়ে বাংলার মানুষ, সংস্কৃতি এবং নিজের অভিজ্ঞতা নিয়ে গভীর অনুভূতি প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে তিনি লেখেন, এবারের পশ্চিমবঙ্গ সফর তার কাছে শুধু রাজনৈতিক অভিজ্ঞতা নয়—বরং এক আবেগময় যাত্রা। তিনি জানান, মাত্র চার দিনের এই সফরে যা দেখেছেন ও অনুভব করেছেন, তা আজীবন তার হৃদয়ে রয়ে যাবে।
বাংলার প্রতি ভালোবাসা প্রকাশ করে মৈথিলী লিখেছেন, এই মাটিতে রয়েছে এক বিশেষ শক্তি ও প্রাণ। এখানকার মানুষের দৃঢ় সিদ্ধান্ত তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। ঐতিহাসিক এই মুহূর্তের ক্ষুদ্র অংশ হতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করেন।
তিনি আরও বলেন, এই বিজয় কেবল একটি নির্বাচনী ফল নয়—এটি মানুষের আস্থা, আশা এবং বিশ্বাসের প্রতিফলন। সেই বিশ্বাস যেন পূর্ণ সততা ও অখণ্ডতার সঙ্গে রক্ষা করা হয়—এই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। সফরের কিছু স্মরণীয় মুহূর্ত ভাগ করে নিয়ে তিনি আবেগভরে বলেন, “বাংলা এখন আমার হৃদয়ের একটি অংশ হয়ে গেছে—শুধু একটি স্থান নয়।” খুব শিগগিরই আবার বাংলায় ফেরার আশাও ব্যক্ত করেন তিনি।
২০০০ সালের ২৫ জুলাই ভারতের বিহারের মধুবনী জেলায় জন্মগ্রহণ করেন মৈথিলী ঠাকুর। লোকসংগীত ও শাস্ত্রীয় সংগীতের মাধ্যমে অল্প বয়সেই তিনি পরিচিতি লাভ করেন। ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। মৈথিলী, ভোজপুরী ও হিন্দি ভাষার গানে তিনি বিশেষভাবে সমাদৃত।
সাম্প্রতিক সময়ে সংগীতের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় হয়ে উঠেছেন এই তরুণ শিল্পী। ভারতীয় জনতা পার্টি-এর বিভিন্ন প্রচারণায় অংশ নেওয়ার মাধ্যমে তিনি এখন সংগীত ও রাজনীতির এক অনন্য সংমিশ্রণে আলোচিত এক নাম। পশ্চিমবঙ্গ সফর শেষে তার এই আবেগঘন বার্তা তাকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

