দেশের শোবিজ অঙ্গনে নিজের অভিনয়দক্ষতা ও বাছাইকৃত কাজের জন্য আলাদা পরিচিতি গড়ে তুলেছেন নাজিফা তুষি। তবে এই অবস্থানে পৌঁছাতে তাকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ অপেক্ষা, নীরবতা আর ধৈর্যের এক কঠিন পথ—যার গল্পই এবার তুলে ধরলেন তিনি নিজ মুখে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকের সংগ্রাম ও নিজের অবস্থান নিয়ে খোলামেলা কথা বলেন তুষি। তিনি জানান, শুরু থেকেই তিনি ভালো চরিত্রের জন্য অপেক্ষা করেছেন, কখনোই তাড়াহুড়ো করে কাজ বেছে নেননি।
তুষি বলেন, ‘একটা ক্ষুধা তো থাকেই—ভালো ক্যারেক্টার পাচ্ছি না বা পাচ্ছি কম। এখন হয়তো মানুষ আমাকে ভালো চরিত্র অফার করে, আমার প্রিয় নির্মাতারা আমাকে নিয়ে ভাবেন। কিন্তু এই জায়গায় আসতে আমাকে অনেক সময় অপেক্ষা করতে হয়েছে।’
নিজেকে নিয়ে নানা আলোচনা-সমালোচনার কথাও উঠে আসে তার বক্তব্যে। তিনি বলেন, ‘তোমরা আমাকে অনেক আগে থেকেই চেনো। কিন্তু একটা সময় ছিল, যখন অনেক কথাই শুনতাম—তুষি হারিয়ে গেছে, নেই, হাওয়ায় মিলিয়ে গেছে—এসব কথা কানের পাশ দিয়েই চলে যেত।’
ক্যারিয়ারের শুরুতে ‘আইসক্রিম’ সিনেমার পর দীর্ঘ সময় পর্দার বাইরে থাকা নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাকে। তবে সেই সময়টাকে তিনি দেখেন নিজের প্রস্তুতির অংশ হিসেবে।
তুষির ভাষায়, ‘আমার ধৈর্য ছিল, পেশেন্স ছিল। আমি জানতাম আমি কী করতে চাই। আমার বিশ্বাস ছিল—ভালো কিছু আসবেই, হয়তো একটু দেরিতে। কিন্তু যদি আমি সৎ থাকি আর আমার চাওয়াটা ঠিক থাকে, তাহলে সেটা একসময় বাস্তব হবেই।’
এই অভিনেত্রীর কথায় স্পষ্ট—তার কাছে সফলতা মানে শুধু উপস্থিতি নয়, বরং মানসম্পন্ন কাজের মাধ্যমে দীর্ঘস্থায়ী ছাপ রেখে যাওয়া।

