পায়ের আঙুলের হাড় ফেটে গেছে। এ কারণে ১০ মে ক্লাসিকোতে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার দানি কারভাহাল।
শনিবার এই খবর নিশ্চিত করেছে ক্লাব।
স্প্যানিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী আগামী দুই সপ্তাহ সাইডলাইনে থাকতে হবে অভিজ্ঞ রাইটব্যাককে। অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে ক্লাবের মৌসুমের শেষ ম্যাচে তিনি ফিরতে পারেন।
আগামীকাল রোববার এস্পানিওলের মাঠে খেলবে রিয়াল। এই ম্যাচ শেষে নির্ধারণ হয়ে যেতে পারে লা লিগার চ্যাম্পিয়নশিপ। আজ রাতে ওসাসুনার মাঠে যদি বার্সা জেতে এবং রিয়াল কালকের ম্যাচে পয়েন্ট হারায় তাহলে কাতালান জায়ান্টরা চ্যাম্পিয়ন হবে।
পরের রোববার বার্সার মাঠে খেলবে রিয়াল। এটাই তার শেষ ক্লাসিকো হওয়ার কথা ছিল। রিয়ালের সঙ্গে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লা লিগা জেতা কারভাহালের চুক্তি এই মৌসুমে শেষ হচ্ছে।
৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার আসন্ন বিশ্বকাপে স্পেনের স্কোয়াডে থাকার আশা করেছিলেন। কিন্তু একের পর এক ইনজুরিতে সেই সুযোগ ক্ষীণ হতে শুরু করেছিল, ফের আরেক চোটের ধাক্কা যেন তা শেষই করে দিলো।

