রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন সাবেক যুবদল নেতা ইসহাক সরকার।
শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত হন।
একই অনুষ্ঠানে এনসিপিতে যোগ দেন কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, সামাজিক আন্দোলনকর্মী মহিউদ্দিন রনি এবং শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
ইসহাক সরকার দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি। পরে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার হন।
এনসিপিতে যোগ দিয়ে ইসহাক সরকার সবার কাছে দোয়া কামনা করেন। পাশাপাশি তিনি বর্তমান সরকারের প্রতি গণভোটের রায় মেনে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

