সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। তবে সোমবার (২০ এপ্রিল) বিএনপি সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের নাম ঘোষণা করলে সেখানে স্থান হয়নি এই অভিনেত্রীর।
চমকের শ্বশুরবাড়ি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায়। সেখান থেকেই তিনি নারী সংসদ সদস্য হিসেবে মনোনয়ন চেয়েছিলেন। এমনকি সংরক্ষিত আসনের প্রার্থীদের সাক্ষাৎকারেও অংশ নেওয়ার সুযোগ পান। বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে তিনি বলেছিলেন—
“আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল। আমার মনে হয়েছে, বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনাগুলো বাস্তবায়নের সুযোগ পাব। কথা বলে ইতিবাচক মনে হয়েছে। আমি শতভাগ আশাবাদী। তবে দলীয় সিদ্ধান্ত ইতিবাচকভাবেই গ্রহণ করব।”
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আলোচনায় আসেন চমক। রাজনীতিতে প্রথমবার নাম লেখানোর পরই মনোনয়ন না পাওয়ায় এখন নানা প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
রাজনীতির এই প্রথম ধাক্কার পরও কি তিনি মাঠে সক্রিয় থাকবেন? নাকি প্রথম অধ্যায়েই থেমে যাবে তার রাজনৈতিক পথচলা— সেই উত্তরই এখন সময়ের অপেক্ষা।

