দেশের ক্রিকেটে নতুন তারকা খোঁজার মিশন আবারও শুরু হচ্ছে। স্কুল পর্যায়ের প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে মাঠে ফিরছে প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট ২০২৫-২৬। প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে আয়োজিত এই টুর্নামেন্টে এবার অংশ নিচ্ছে দেশের ৬৪ জেলার ৩৫০টি স্কুলের সাড়ে আট হাজারের বেশি শিক্ষার্থী।
২০১৫ সাল থেকে বিসিবির সঙ্গে যৌথভাবে স্কুল ক্রিকেট আয়োজন করে আসছে প্রাইম ব্যাংক। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনাই এই আয়োজনের মূল লক্ষ্য। এবারের আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৬৫১টি।
আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে জেলা পর্যায়ের খেলা। এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের ম্যাচ।
বৃহস্পতিবার প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট ২০২৫-২৬ উপলক্ষে টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়। এর আগে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় এবং প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
সংবাদ সম্মেলনে স্কুল ক্রিকেট নিয়ে আবেগঘন স্মৃতির কথা তুলে ধরেন তাওহিদ হৃদয়। তিনি বলেন, “স্কুল ক্রিকেট নিয়ে কিছু বলতে গেলেই আমি ইমোশনাল হয়ে পড়ি। কারণ, আমার শুরুটাই হয়েছিল স্কুল ক্রিকেট দিয়ে।”
দুই বছর আগে বৃষ্টির কারণে টসের মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারণের প্রসঙ্গ টেনে হৃদয় বলেন, “আমি চাই এই স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ এমন সময়ে আয়োজন করা হোক, যখন বৃষ্টি থাকে না।”
তিনি আরও বলেন, “আশা করি এই টুর্নামেন্ট প্রতি বছরই চলবে। গত ১১ বছর ধরে এটি হচ্ছে। ভবিষ্যতে আরও যেসব জায়গায় উন্নতির সুযোগ আছে, সেগুলো উন্নত করে আমরা আরও ভালোভাবে সামনে এগিয়ে যেতে পারব, ইনশাআল্লাহ।”

