রাজধানীর আদাবর থানায় দায়ের করা একটি অস্ত্র মামলায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ (রাহুল ও দাউদ নামেও পরিচিত)কে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার ১৮তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এই রায় ঘোষণা করেন। আসামি বর্তমানে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সহকারী ইসমাইল হোসেন।
আদালতে ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আজ রায়ের দিন ধার্য করেন এবং পরবর্তীতে রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৭ নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে র্যাব অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ফয়সালকে আটক করা হয়। পরে তার বাসা তল্লাশি করে চারটি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়, যার বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি।
পরদিন ৮ নভেম্বর আদাবর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০২৫ সালের ২৮ মার্চ উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান অভিযোগপত্র জমা দেন।
অভিযোগ অনুযায়ী, ফয়সাল ওই এলাকার চিহ্নিত অস্ত্রধারী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, খুন, জমি দখল এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

